সারাদেশ

মানিকগঞ্জে ভরণ-পোষণ না দেওয়াসহ নির্যাতনে দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৫ , ৬:২৫:৫২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
জীবনের শেষ প্রহরে এসে তিনবেলা ভাতের সংস্থানও নেই জহুরা বেগমের কপালে। যে সন্তানদের কোলে-পিঠে মানুষ করেছেন, আজ সেই দুই ছেলেই তাকে ঘরছাড়া করেছে। মমতার সেই সন্তানদের বিরুদ্ধেই এখন মামলা করেছেন এই অসহায় মা।
মানিকগঞ্জে দুই ছেলের বিরুদ্ধে ভরণ-পোষণ না করা, শারীরিক নির্যাতন ও ঘর থেকে তাড়ানোর অভিযোগে মামলা করেছেন ৭০ বছরের জহুরা বেগম।
বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় মামলার পর পুলিশ গ্রেফতার করেছে তার দুই ছেলেকে।
গ্রেফতার হওয়া দুই পুত্র হলেন- জসিম (৫২) ও জাকির (৩৫)। তারা মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকার বাসিন্দা এবং স্থানীয় আব্দুর গফুর মিয়ার ছেলে।
তবে আদালতে প্রেরণের কয়েক ঘণ্টা পরই দুই ছেলেকে জামিন দিয়েছেন বলে জানা গেছে। তবে কী শর্তে আদালত জামিন দিয়েছেন এটা জানা সম্ভব হয়নি।
মামলার এজাহারে বৃদ্ধা জহুরা বেগম উল্লেখ করেন, তিনি ও তার স্বামী আব্দুল গফুর মিয়া (৭৫) বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাদেরই গর্ভজাত দুই ছেলে বহুদিন ধরেই বাবা-মায়ের খোঁজখবর রাখছেন না। ভরণ-পোষণ, চিকিৎসা কিংবা সেবা কোনোটিই দেন না তারা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার চাইলেও কোনো ফল মেলেনি।
গত ১৪ অক্টোবর বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে খাবার চাইলে দুই ছেলে ও তাদের স্ত্রীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা গালাগাল, কিল-ঘুসি ও জুতা দিয়ে মারধর করেন জহুরা বেগমকে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতার হওয়া দুই ছেলে জসিম ও জাকির নিজেদের মায়ের গর্ভজাত সন্তান। তারা দীর্ঘদিন ধরে মা-বাবার প্রতি দায়িত্ব পালন না করে অবহেলা ও অযত্নে রেখেছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না করা এবং নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST