ঢাকা

মাদকবিরোধী র‌্যালি করায় যুবককে কুপিয়ে জখম, ফাঁকা গুলি

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ১:৪৯:০৫ প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী র‌্যালি করায় ইমাম হাসান নামের এক যুবককে মাদককারবারি ও মাদকসেবীরা কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও মাদকবিক্রেতা ও মাদকসেবীরা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
আহত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত যুবকের বড় ভাই নাজিমউদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় বুধবার বিকালে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ইমাম হাসানের নেতৃত্বে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ওই এলাকার যুব সমাজ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাদকবিরোধী র‌্যালি বন্ধ করার জন্য কাবিলগঞ্জ গ্রামের আলী আহাম্মদের ছেলে মাদককারবারি মিন্টু মিয়া ও তার সহযোগীরা ইমাম হাসানকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। তাদের এই হুমকিকে উপেক্ষা করে ইমাম হাসান বুধবার বিকালে ওই এলাকার লোকজনদের নিয়ে মাদকবিরোধী র‌্যালি বের করেন।
এতে ক্ষিপ্ত হয়ে মাদককারবারি মিন্টুর নেতৃত্বে তিশা মিয়া, জাহাঙ্গীর হোসেন, সজিব মিয়া, নেয়াব হোসেনসহ ৭-৮ জনের একটি দল রাত দেড়টার দিকে ফুটবল বিশ্বকাপ খেলার সময় একই এলাকার রফিকুল ইসলামের ছাদে ইমাম হাসানকে দেখতে পেয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর‌্যায়ে ছাদে থাকা লোকজন প্রাণ বাঁচাতে ভয়ে ছোটাছুটি শুরু করেন।
পরে ফাঁকা গুলিবর্ষণকারীরা ইমাম হাসানকে একা পেয়ে লোহার রড, হকিস্টিক, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। একপর‌্যায়ে হামলাকারীরা তাকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়। এ সময় তারা নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ইমাম হাসানের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের পর প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতের বড় ভাই নাজিমউদ্দিন জানান, কাবিলগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মিন্টুর নেতৃত্বে যুবকদের একটি গ্রুপ মাদক বিক্রি ও মাদক সেবন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার ভাই মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এলাকার সাধারণ লোকজনদের সঙ্গে নিয়ে সোচ্চার হয়ে উঠে। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু ও তার লোকজন তার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর তাকে ছাদ থেকে ফেলে দেয়। এ সময় আতঙ্ক তৈরি করতে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। মিন্টুর বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মিন্টুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST