খেলাধুলা

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১০:১২:৩২ প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক।
শনিবার (২৪ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় উপস্থিত ছিলেন না ইশতিয়াক। তিনি ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, ইশতিয়াক তার সহকর্মীদের জানিয়েছেন, গেম ডেভেলপমেন্ট বিভাগসহ নিজের দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক। পরদিন তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
ইশতিয়াক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ড। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিলগ্নে বোর্ড পরিচালকদের নিয়েও অনেক বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা চলমানই রয়ে গেল।
ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন। তিনি এতদিন বিসিবির গেম ডেভলপমেন্ট প্রধানের দায়িত্বে ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST