প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১১:৫০:৫৫ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।

বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছেন। আপনারা জানেন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে।
সম্প্রতি গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, কিছু রাজনৈতিক দল মিলে ১১ দলীয় জোট গঠন করেছে। তারা বলছে, জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটন ঘটাবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই।
এর আগে দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় তার সঙ্গে অংশ নেন- বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
মতবিনিময় সভায় মন্ত্রীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে।
অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।


















Design & Developed by BD IT HOST