প্রতিনিধি 14 নভেম্বর 2026 , 5:58:28 প্রিন্ট সংস্করণ
বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামের এক ব্যক্তির খণ্ডিত দেহ ও মাথাসহ শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ১২ ও ১৩ নভেম্বর একই ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধারের ঘটনার তিন দিন পর, শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম ও আবুল বশার নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রুহুল আমীন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা দিলে এবং তিনি আত্মগোপনে চলে গেলে সন্দেহ বাড়ে।
এর ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার একটি ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ১৩ নভেম্বর আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয় এবং পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে মূল অভিযুক্ত শাহিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে আবুল বশার নামের অপর এক যুবককে আটক করা হয়। শনিবার সকালে পোনাহুরা এলাকার কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে খণ্ডিত দেহ ও মাথা উদ্ধার করা হয়।
পুলিশের কাছে দেওয়া আসামিদের জবানবন্দির বরাত দিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক ও ব্যক্তিগত লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। শাহিদার অভিযোগ ছিল, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরবর্তীতে কিছু টাকা ফেরত দিলেও বাকি টাকা এবং অন্যান্য ব্যক্তিগত বিরোধ নিয়ে শত্রুতার সৃষ্টি হয়।
এই বিরোধের জেরে রুহুল আমীনকে হত্যার জন্য ৬০ হাজার টাকায় আবুল বশারের সঙ্গে চুক্তি করেন শাহিদা বেগম, যার মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল মিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাট করতে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার জানান, আর্থিক লেনদেন ও বিরোধের জেরে তিনজনের অংশগ্রহণে এই হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


















Design & Developed by BD IT HOST