প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ , ৯:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাটসংলগ্ন লোহালিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা-পটুয়াখালী নৌরুটে চলাচলকারী ‘আওলাদ’ নামের একটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়।
মৃতরা হলেন— রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. নাসির ফকির (৩৬) ও নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)।
জানা গেছে, ট্রলারটিতে মোট ৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা একজন বের হতে সক্ষম হলেও বাকি দুইজন ভেতরে আটকা পড়ে যান। পরে তারা নিখোঁজ হন এবং পরবর্তীতে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য- দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রাতে লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















Design & Developed by BD IT HOST