ঢাকা

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ২ এইচএসসি পরীক্ষার্থীর

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ৯:১০:১৬ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়।
একই দিন সকালে পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উলটে চালক শাওন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ওই দুই ছাত্র কেন্দ্র থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই দিন সকালে পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উলটে চালক শাওন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছলে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চালক ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
শাওন মনোহরদীর ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, শাওনের পরিবারের অনুরোধের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST