সারাদেশ

দাঁড়িপাল্লা কেবল প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার’ বাউফলে নির্বাচনী জনসভায় ড. শফিকুল ইসলাম মাসুদ

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৮:৫২:০২ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দাঁড়িপাল্লা কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুদৃঢ় অঙ্গীকার। আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়ে ইনসাফ কায়েমের এই লড়াইয়ে শরিক হোন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাউফলের প্রত্যয় বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,বাউফলের সাধারণ মানুষ আর কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে না। আমরা এমন এক জনবান্ধব প্রশাসন গড়ে তুলব যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের অধিকার আদায় করতে পারবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি এলাকার অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে কেশবপুরে একটি আধুনিক কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা এবং মমিনপুরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় আজীবন পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে স্থানীয় জনগণের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST