প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৪২:৫০ প্রিন্ট সংস্করণ
জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: আবু হানিফ

অনলাইন ডেক্স:
বর্তমানে বিরোধী দল, বিশেষ করে জামায়াত-এনসিপি সারাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে’ বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি করেন।
আবু হানিফ বলেন, সরকারকে ঠেকাতে জামায়াত-এনসিপি নিষিদ্ধ লীগকে পুনর্বাসন করছে।
শনিবার সন্ধ্যায় গুলশান-১ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-২ গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আবু হানিফ বলেন, ‘গুলশান একটা ভিআইপি এলাকা, এখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা বাস করে। এই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা থাকে। সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করে?
তিনি বলেন, শুধু ঢাকায় নয়, সারাদেশে গোয়েন্দা সংস্থার লোক ও আইনশৃঙ্খলা বাহিনীকে টাকা দিয়ে ম্যানেজ করে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করছে। তাছাড়া প্রশাসনে ও গোয়েন্দা সংস্থায় থাকা আওয়ামী লীগের দোসররাও এই মিছিল করার সুযোগ করে দেয়।
সরকারকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার একটা পদক্ষেপ নিলেই নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বন্ধ হয়ে যাবে। তা হলো, যেখানেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করবে, সেখানকার ডিসি, এসপি, ওসি, ইউএনওকে বান্দরবান পাঠালেই দেখবেন সারাদেশে প্রশাসন সতর্ক হয়ে যাবে।
তিনি আরও বলেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নেই, বিভিন্ন জায়গায় খুন, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।
গণঅধিকার পরিষদ, মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম বলেন, আওয়ামী লীগের নেতারা নিরাপদে বিদেশে আরাম-আয়েশ করছে। অথচ দেশে থাকা নিরীহ কর্মীদের উসকানি দিয়ে মিছিল করতে দিয়ে বিপদে ফেলছে। আপনারা পলাতক নেতাদের কথায় আর রাস্তায় নেমে বিপদে পড়বেন না।
গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবির ইসলাম সবুজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব আলমগীর, সহসভাপতি ফারজানা কিবরিয়া, রেজওয়নুল শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, শ্রমিক অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রুবেল এবং ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক নুরুজ্জামান ইমন প্রমুখ।


















Design & Developed by BD IT HOST