প্রতিনিধি ৬ জুলাই ২০২৬ , ৯:২০:৪৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি:
সাত বছর আগে চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. রাজীব নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এসএম জিয়াউর রহমান এ রায় দেন। দণ্ডিত আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে তরুণীর মা কর্মস্থলে থাকার সুযোগে রাজীব ওই বাসায় যান। কথোপকথনের একপর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর রাজীব ঘরের ওয়াশরুমে ঢুকলে ভুক্তভোগী বাইরে থেকে দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন এসে রাজীবকে আটক করেন। এ ঘটনায় ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। ২০২০ সালের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আদালতে ৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


















Design & Developed by BD IT HOST