খেলাধুলা

আইপিএলে আম্পায়ারের সঙ্গে তর্ক

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ১০:৫৭:২৫ প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক:
নারীদের চলতি আইপিএলে প্রথম শাস্তির মুখে এক ক্রিকেটার। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় শাস্তি দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার লিজেল লি। তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে। মুম্বাইয়ের বিরুদ্ধে ১৫৫ রান তাড়া করতে নেমে ভালো খেলছিলেন দিল্লির ওপেনার লিজেল। ২৮ বলে ৪৬ রান করেন তিনি। ১১তম ওভার আমনজ্যোৎ কৌরের একটি বল মারতে গিয়ে ব্যাটে-বলে হয়নি তার। শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে ক্রিজ থেকে বেরিয়ে যান তিনি। পরে ক্রিজে ফেরার চেষ্টাও করেন। ততক্ষণে উইকেটরক্ষক রাহিলা ফিরদৌস স্টাম্প ভেঙে দেন।
লিজেল আউট হয়েছেন কি না, সেই সিদ্ধান্ত নিতে অনেক ক্ষণ সময় নেন তৃতীয় আম্পায়ার। বিভিন্ন দিক থেকে রিপ্লে দেখে তিনি নিশ্চিত হন, লিজেল ক্রিজে ব্যাট ঢোকালেও রাহিলা যে মুহূর্তে স্টাম্প ভেঙেছেন, তখন লিজেলের ব্যাট হাওয়ায় ছিল। পাশাপাশি তার পা-ও ক্রিজের ভিতরে ঢোকেনি। তাই আউট দেন আম্পায়ার।
এই সিদ্ধান্ত মানতে পারেননি লিজেল। মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান লিজেল। বেশি উত্তেজিত দেখাচ্ছিল লিজেলকে। পরে সাজঘরে ফেরার সময় রাগে ব্যাট দিয়ে নিজের প্যাডেও মারেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক তারকা ক্রিকেটার।
জানা গিয়েছে, ম্যাচ রেফারি রিপোর্টে জানিয়েছেন, মেয়েদের আইপিএলের নিয়মের ২.২ ধারা ভেঙেছেন লিজেল। এটি লেবেল ১ অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে শাস্তি দেওয়া হয়েছে লিজেলকে।
তবে শেষ পর্যন্ত লিজেলের দল দিল্লি মৌসুমের দ্বিতীয় জয় পেয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST