আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

  প্রতিনিধি 12 নভেম্বর 2026 , 7:18:28 প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

অনলাইন ডেক্স:
হরমুজ প্রণালিতে বারবার সতর্কতা সত্ত্বেও একটি ‘অননুমোদিত’ রুট ব্যবহারের কারণে দুটি বিশাল তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আইএসএনএ বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে প্রণালির দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করার সময় ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নিষেধাজ্ঞা অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে ট্যাংকার দুটিকে সুপারট্যাংকার হিসেবে উল্লেখ করে জানানো হয় যে সেগুলোতে মোট ৪০ লাখ ব্যারেলের বেশি তেল বহন করা হচ্ছিল এবং পরবর্তীতে একটি ভয়াবহ বিস্ফোরণের পর সেগুলো থামতে বাধ্য হয়। আইআরজিসি নৌবাহিনী ট্যাংকার দুটির বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগ এনে তাদের একটি চোরাচালানকারী বাহিনী হিসেবে আখ্যায়িত করে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে যে জাহজই নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে মার্কিন বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করার চেষ্টা করবে, তাদের সবার পরিণতি একই হবে। তবে ওই বিবৃতিতে জাহাজ দুটির পরিচয় বা এই ঘটনার বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি ও পণ্য সরবরাহ রুটে চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এই নতুন ঘটনা ঘটে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়েছিল, যা এপ্রিলে যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরবর্তীতে জুনে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আলোচনা থমকে যাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST