সারাদেশ

যশোরে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১০:৫১:৩৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
যশোরে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহণের একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। পরে তা মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে দাইতলা এলাকায় পৌঁছার পর পুনরায় পাইপলাইনে সমস্যা দেখা দিলে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে দরজা ও জানালা দিয়ে নেমে পড়েন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চোখের পলকেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে যশোর সদর উপজেলার চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা বাস মালিকদের জানিয়েছিলেন। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST