আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান

  প্রতিনিধি ১২ মে ২০২৬ , ৬:৫৬:০৮ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেক্স:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
শুভেচ্ছা বার্তায় জিএম কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনি বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার ভাষায়, এই অর্জন শুধু সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জন্যই নয়, বরং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন, যেখানে তার পিতা শিশির কুমার অধিকারী দীর্ঘদিন সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে জনসেবায় যুক্ত ছিলেন।
বার্তায় জিএম কাদের নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও সংসদীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।
এছাড়া বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দুই বাংলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST