প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ৬:৩৭:০৫ প্রিন্ট সংস্করণ
মাধবদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ, কারাগারে বন্দীদের মাঝে উপকরণ বিতরণ

মোস্তফা মিয়া নরসিংদী।
নরসিংদীর মাধবদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। একই দিনে নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের লক্ষ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মাধবদীতে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
রোববার (৩০ আগস্ট) বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মাধবদীর বিভিন্ন এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ জনতা মাধবদী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে মাধবদীর বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য, কলকারখানা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়ে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
জেলা কারাগারে বন্দীদের মাঝে উপকরণ বিতরণ
এদিকে একই দিন নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের লক্ষ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা কারাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে বন্দীদের জন্য চারটি টেলিভিশন, হারমোনিয়াম ও তবলা এবং মহিলা বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি কারাগারে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী প্রদান করা হয়।
উপকরণ বিতরণের সময় বন্দীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি হওয়ায় বন্দীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল।
এ সময় কারাগারের প্রফেশন অফিসার, সহকারী সার্জন, জেলার হুমায়ুন কবির, ডেপুটি জেলারসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাগারে থাকা ব্যক্তিদের শুধু শাস্তি প্রদান নয়; বরং সংশোধন, মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলা আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইতিবাচক ভূমিকা রাখবে।


















Design & Developed by BD IT HOST