প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৫ , ৫:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
স্ত্রী ও সন্তানের সঙ্গে বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন যুবক সোহেল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে বাড়ির সামনে আসে ৬ দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে তারা সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সোহেলের চোখের নিচে বিদ্ধ হয়।
শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল পরিবার নিয়ে ওই এলাকার মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। সোহেলের স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেল তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকজনক।
গুলিবিদ্ধ সোহেল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে। এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নেন।
পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে একটি হত্যা, একটি মাদক ও একটি নারী নির্যাতনের মামলা রয়েছে। মামলাগুলোতে জামিনে ছিলেন তিনি। আগস্ট মাসে গুলিতে জখম হলেও তিনি মামলা করেননি।
খুলনার সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সম্প্রতি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে আসেন। মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কাস্টম ঘাট এলাকায় ইমরান মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। চলতি অক্টোবর মাসে নগরীতে ৪টি খুনের ঘটনা ঘটেছে।


















Design & Developed by BD IT HOST