বরিশাল

বাউফলে ভিজিএফের চাল বিতরণকালে নারীদের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৫:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফের (ভিজিডি/ত্রাণ) চাল বিতরণকালে নারীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ মে) সকালে দিকে উপজেলা চত্বরের অস্থায়ী বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন নারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুস্থ ও অসহায় নারীরা ভিজিএফের চাল নেওয়ার জন্য উপজেলা চত্বরে ভিড় জমান। তীব্র গরম ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে চাল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে কয়েকজন নারীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
বিতর্ক একপর্যায়ে হাতাহাতি ও তুমুল সংঘর্ষে রূপ নেয়। এতে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নারী মাটিতে পড়ে গিয়ে এবং একে অপরের আঘাতে আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান: লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অন্যরাও এতে জড়িয়ে পড়েন। চাল বিতরণে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও দায়িত্বরত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই কয়েকজন আহত হন।
এরপর সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ থাকলেও পরবর্তীতে পুনরায় সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এ বিষয়ে বাউফল উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, চাল নিতে আসা নারীদের অতিরিক্ত ভিড় এবং সিরিয়াল ভঙ্গ করার চেষ্টার কারণেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং বিতরণ প্রক্রিয়া আরও নির্বিঘ্ন করতে আগামী দিনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST