বরিশাল

বাউফলে একই পরিবারের ৪ সন্তান অসুস্থ: মানবিক সহায়তায় পাশে ইউএনও

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ , ৫:৫৬:০১ প্রিন্ট সংস্করণ

বাউফলে একই পরিবারের ৪ সন্তান অসুস্থ: মানবিক সহায়তায় পাশে ইউএনও

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহম্মেদ। চরম মানবেতর জীবনযাপন করা ইউসুফ হাওলাদারের পরিবারের চরম দুর্দশার খবর পেয়ে সরেজমিনে তাদের খোঁজখবর নিতে যান তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনিকাঠি গ্রামে ইউসুফ হাওলাদারের বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার। পরিদর্শনকালে জানা যায়, ইউসুফ হাওলাদার ও তার স্ত্রী সহার ভানু দম্পতির মোট ৫ জন সন্তানের মধ্যে ৪ জনই নানা জটিল রোগে আক্রান্ত। এমনকি গৃহকর্তা ইউসুফ হাওলাদার নিজেও মানসিকভাবে অসুস্থ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মানসিক অসুস্থতা এবং সন্তানদের রোগব্যাধির চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি চরম সংকটে দিন কাটাচ্ছে।

পরিবারটির সার্বিক কষ্ট ও দুর্দশা দেখে বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের হাতে নগদ ২০ হাজার টাকা এবং ১০০ কেজি চাল তুলে দেন ইউএনও সালেহ আহম্মেদ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ জানান, পরিবারের চরম দুর্দশার কথা জানতে পেরে আজ সরেজমিনে তাদের দেখতে আসি। আপাতত তাদের সাময়িক কষ্ট লাঘবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই তাদের চাহিদা ও শারীরিক অবস্থা বিবেচনা করে প্রতিবন্ধী ভাতার কার্ড এবং বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করা হবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST