সারাদেশ

পাঁচবিবি সীমান্তে পুশইন করা সেই বৃদ্ধকে ফিরিয়ে নিল বিএসএফ

  প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ৮:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎপাড়া এলাকায় পুশইন করা ভারতীয় সেই বৃদ্ধ নাগরিককে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে তাকে বিএসএফের একটি গাড়িতে করে ভারতের মথুরাপুর এলাকায় নিয়ে যাওয়া হয় বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে ফিরিয়ে নেওয়ার পর বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
সীমান্তবর্তী তাজপুর গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত রোববার পাঁচজন ভারতীয় নাগরিককে হাটখোলা সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন করার চেষ্টা করলেও সফল হতে পারেনি। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় চারজন ফিরে গেলেও একজন বৃদ্ধ সীমান্তে আটকা পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি, বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, বিএসএফ জোর করে ওই বৃদ্ধকে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার কারণে তা ব্যর্থ হয়।
এ বিষয়ে হাটখোলা সীমান্তের বিজিবির কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, বিএসএফ সদস্যরা রোববার রাতে বৃদ্ধকে ফিরিয়ে নেওয়ার পর থেকে হাটখোলা সীমান্ত এলাকা শান্ত রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীরাও আমাদের পাশে রয়েছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST