প্রতিনিধি ২ জুন ২০২৫ , ৯:২৯:১৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও যুক্তিসঙ্গত কারণ নেই। তিনি জানান, এই বিষয়টি তারা সংশ্লিষ্ট সকল পক্ষকে স্পষ্টভাবে বোঝাতে সক্ষম হয়েছেন।
সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,আজকের বৈঠকে আমরা লক্ষ্য করেছি, অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তারা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং তিনি নিজেই জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত শুনেছেন।
তিনি আরও বলেন,সংস্কার কমিশনের আগের আলোচনা ও রিপোর্টের ভিত্তিতে আমরা আমাদের দলের বিস্তারিত মতামত লিখিত আকারে দিয়েছি। তিন দিনব্যাপী বৈঠকে বিভিন্ন দলের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা অনেক বিষয়ে নীতিগত, আংশিক কিংবা পূর্ণাঙ্গ ঐকমত্যে পৌঁছাতে পেরেছি।
তিনি উল্লেখ করেন, কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকলেও আলাপ-আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসেছে। আমরা জানি, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবু আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলা সম্ভব,বলেন তিনি।
সংবিধান সংশোধন ছাড়া বাকি সব সংস্কার এক মাসের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব বলে মত দেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক, প্রশাসনিক ও নির্বাচনী সংস্কারের বেশিরভাগই নির্বাহী আদেশ, অফিস আদেশ কিংবা অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। সংবিধান সংশোধন ছাড়া বাকি সংস্কারগুলো ডিসেম্বরের আগেই বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিন্যান্স ও সংশোধনী ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং আরও কিছু প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনপির এই নেতা বলেন,জাতীয় ঐক্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব গৃহীত হবে, তা বাস্তবায়ন করলেই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি তৈরি হবে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য ও সহযোগিতা প্রতিষ্ঠা সম্ভব হবে।
সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, “যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব, তা একমাসের মধ্যেই একটি ঐক্যমত সনদে পরিণত করা যেতে পারে। পরবর্তী জাতীয় সংসদে এসব সংশোধনী উত্থাপন ও পাসের মাধ্যমে কার্যকর হবে। এরই মধ্যে এই সনদকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে এবং তা জাতির কাছে একটি প্রতিশ্রুতি হিসেবে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং উপদেষ্টামণ্ডলীকেও নিরপেক্ষভাবে পুনর্গঠন করবেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান খুবই সম্ভব। প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আর সময় ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।


















Design & Developed by BD IT HOST