সারাদেশ

অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে সাবেক বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ৫ দফা দাবি পেশ

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ , ৭:১০:২২ প্রিন্ট সংস্করণ

অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে সাবেক বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ৫ দফা দাবি পেশ

অন্তর মিয়া,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এবং তা পুনর্বিবেচনার আহ্বানে সংবাদ সম্মেলন করেছেন দলটির স্থানীয় জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ তাজ উদ্দিন (তাজু)।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ও দুই বারের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন।
​নোটিশহীন অব্যাহতির অভিযোগ
লিখিত বক্তব্যে তাজ উদ্দিন বলেন, ‘আমাকে কোনো প্রকার শোকজ বা কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গত ১৬ আগস্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমনকি আমার বিরুদ্ধে আনা তথাকথিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যাও নেওয়া হয়নি’। গঠনতন্ত্র বহির্ভূতভাবে এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল পর্যায়ে (ওয়ার্ড ও ইউনিয়নে) পকেট কমিটি গঠনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
​দীর্ঘ রাজনৈতিক ত্যাগের চিত্র
রাজনৈতিক জীবনের ধারাবাহিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ২০০৬ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৩০টিরও বেশি রাজনৈতিক মামলা দেওয়া হয় এবং তিনি প্রায় ৭২০ দিন কারাবরণ করেন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়ার সিলেট সফরকালে হামলায় গুরুতর আহত হয়ে তাঁর ডান পা ভেঙে যায় এবং কারাবন্দী অবস্থায় চিকিৎসাধীন থাকতে হয়।
​কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে ৫ দফা দাবি
সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় হাই কমান্ড ও সিলেট বিভাগীয় দায়িত্বশীল নেতাদের কাছে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন:
১. অব্যাহতির সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করা।
২. ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা।
৩. তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ও নিম্নস্থ কমিটি গঠন স্থগিত রাখা।
৪. গঠনতন্ত্র অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
৫. রাজপথের ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা।
​উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST