প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫১:০৯ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক লোহালিয়া-কাশিপুর হাইওয়ে এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মানুষ ও যানবাহন ঝুঁকির মুখে পড়ছে।
জনগণের এই দুর্ভোগ লাঘবে এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে পটুয়াখালী এলজিইডি (LGED) নির্বাহী প্রকৌশলী (XEN) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী ও বাউফলের আদাবাড়িয়ার কৃতি সন্তান মোঃ রাশেদুল হাচান কবির সরদার।
সরেজমিনে দেখা যায়, লোহালিয়া থেকে কাশিপুর পর্যন্ত সড়কটির পিচ উঠে গিয়ে মাটির সাথে মিশে গেছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এই সড়কটি কেবল স্থানীয় যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি কালাইয়া, দশমিনা, গলাচিপা,বাউফল ও বগা এলাকার সাথে সরাসরি সংযোগকারী প্রধান সড়ক।
প্রতিদিন এই পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, মুমূর্ষু রোগী এবং ব্যবসায়ীরা যাতায়াত করেন। রাস্তাটির বেহাল দশার কারণে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে, যার ফলে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবেদনকারী মোঃ রাশেদুল হাচান কবির সরদার বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বর্ষাকালে এটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। কালাইয়া ও দশমিনাসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্ট দেখে আমি ব্যক্তিগতভাবে এলজিইডি কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের অনুরোধ জানিয়েছি। আশা করছি, কর্তৃপক্ষ জনস্বার্থে খুব দ্রুত পদক্ষেপ নেবেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাশেদুল হাচানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


















Design & Developed by BD IT HOST