প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ৭:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখার প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর প্রচারণা চলাকালীন নিজের গণসংযোগ বন্ধ রাখলেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে এমন ঘটনা ঘটে।
এ সময় আশরাফ উদ্দিন নিজান বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার প্রস্তুতি গ্রহণকালে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ গণসংযোগ করার বিষয়টি তার নজরে আসে।

পরে উদারতা দেখিয়ে তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক হাতে নিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আশরাফ উদ্দিন নিজান বলেন, প্রিয় ভাইয়েরা, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব গণসংযোগ করছেন। উনার গণসংযোগ শেষ হলে আমরা শুরু করব। যাতে হাতপাখার প্রার্থীর গণসংযোগে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়।
তার এমন ঘোষণায় বিএনপি, ইসলামী আন্দোলন, সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ীদের মধ্যে এক ইতিবাচক ধারণা তৈরি হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আশরাফ উদ্দিন নিজানের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
এ বিষয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের মাওলানা খালেদ সাইফুল্লাহর হাতপাখার নির্বাচনি প্রচারণা দেখে ওনার প্রতি সম্মান রেখে এবং ওনার প্রচারণায় যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি প্রচারণা বন্ধ রাখি। প্রতিপক্ষকে সম্মান জানাতে হবে। এটাই রাজনৈতিক সৌন্দর্য। আমাদের সবার উচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্মান দেখানো।












Design & Developed by BD IT HOST