প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৯:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফলে ঊর্মী ইসলাম (১৪) নামের এক কিশোরীকে হত্যার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্তরা।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত কিশোরী উর্মী ইসলামের মা আমেনা বেগম, বাবা নজরুল বয়াতি ও ভগ্নিপতি কামাল হোসেন (৩২)।
জানাগেছে, নিহত উর্মী ইসলামের স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। বুধবার (২০আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উর্মীর প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তার গলাটিপে ধরলে ঘটনাস্থলে নিশ্বাস বন্ধ হয়ে মারা যায় উর্মী ইসলাম। এরপরে তার বাবা-মা ও ভগ্নিপতি মিলে মরদেহ গুম কর ফেলে। পরে শনিবার (২৩আগস্ট) সকালে কনকদিয়া ইউনিয়নের ভিকটিমের নানা বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে কুম্ভখালী খালের থেকে উর্মীর মরদেহ উদ্ধার হয়।
তখন উর্মীকে গুম ও খুনের অভিযোগে থানায় মামলার আবেদন করে পরিবার। তবে পুলিশের একাধিক ইউনিট মামলার তদন্ত শুরু করলে, একে একে বের হয়ে চাঞ্চল্যকর এসব তথ্য। পরে মঙ্গলবার (২৬আগস্ট) রাতে নিহতের বাবা-মা ও ভগ্নিপতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷
তারা অপরাধ স্বীকার করলে আজ বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের তিনজনই আমাদের সন্দেহের তালিকায় ছিলেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং ঘটনার মূল রহস্য উদঘাটন করে। পরে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।


















Design & Developed by BD IT HOST