আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

  প্রতিনিধি 3 নভেম্বর 2026 , 6:21:29 প্রিন্ট সংস্করণ

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেক্স:
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছে, সামরিক অভিযান, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাধ্যমে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প দুর্বল করা সম্ভব নয়।
সম্প্রতি ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে।
সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গত কয়েক মাসের ঘটনাবলি স্পষ্টভাবে প্রমাণ করেছে, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা দমন করা সম্ভব নয়। যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছে কিংবা সামরিক পদক্ষেপ নিচ্ছে, তাদের অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।
সংকট সমাধানে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন জাখারোভা। তিনি বলেন, সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং তা বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত।
এদিকে, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন রুশ এই মুখপাত্র।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ স্বার্থের প্রতি সম্মান দেখানো জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে সব দেশের জন্য এই জলপথ নিরাপদ ও উন্মুক্ত রাখাও নিশ্চিত করতে হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST