সারাদেশ

সংরক্ষিত আসনের এমপিকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ

সংরক্ষিত আসনের এমপিকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে লালপুর-বাগাতিপাড়ায় ঢুকতে না দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের অনুসারী এক বিএনপি নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ বক্তব্য দেন মো. সিদ্দিক আলী মিষ্টু।
তিনি লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বক্তব্যে সিদ্দিক আলী মিষ্টু বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি জামায়াত, আওয়ামী লীগ ও ধানের শীষের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যক্তিদের নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি আবারও ধানের শীষে ভোট না দেওয়া লোকজন, জামায়াত ও আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।
মঞ্চে প্রধান অতিথির আসনে থাকা প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টি আকর্ষণ করে সিদ্দিক আলী মিষ্টু তাকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার অনুরোধ জানান।
এ বক্তব্যের পর ওই রাতেই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সানজিদা ইয়াসমিন তুলি। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। আমার দ্বারা লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন হচ্ছে—এটা অনেক বড় বড় নেতারা স্বীকৃতি দিয়েছেন। এজন্য ধন্যবাদ। তবে দুঃখ হয়, যারা পরের উসকানিতে নিজের রাজনৈতিক বলি হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিক আলী মিষ্টুর বক্তব্যের সমালোচনা শুরু হয়। সানজিদা ইয়াসমিন তুলিকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তার অনুসারীরা।
তাদের দাবি, সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির রাজনীতিতে হঠাৎ করে উঠে আসা কোনো নাম নন। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির আদর্শের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তুলির অনুসারীরা আরও দাবি করেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে মাঠপর্যায়ে তার সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা ও মামলাসহ নানা পরিস্থিতির মধ্যেও তিনি দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে পারিবারিক রাজনৈতিক ইতিহাসও রয়েছে বলে দাবি করেন অনুসারীরা। তাদের ভাষ্য অনুযায়ী, তার বাবা মরহুম আকতার হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লালপুর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন।
দীর্ঘদিনের ছাত্রদলের রাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততার ধারাবাহিকতায় সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন বলে দাবি করেন তার অনুসারীরা।
তারা বলেন, এমন রাজনৈতিক পরিচয়ের একজন নারী সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এ ধরনের বক্তব্য দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সানজিদা ইয়াসমিন তুলির অনুসারীরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST