প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ৫:৪১:০৪ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি:
দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যদের পুনরায় একত্রিত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফেনীতে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের আয়োজনে বুধবার (২২ জুলাই) দুপুরে ফেনী পৌর মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। তিনি বলেন, দুর্যোগ ও সংকটের সময় সবচেয়ে বড় মানবিক চ্যালেঞ্জগুলোর একটি হলো পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এমন পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি, তথ্য সংরক্ষণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত পরিবারের সদস্যদের শনাক্ত ও পুনর্মিলন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম।
প্রশিক্ষণে দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যদের শনাক্তকরণ, তথ্য সংগ্রহ, নিবন্ধন, অনুসন্ধান কার্যক্রম এবং পুনরায় পরিবারের সঙ্গে সংযুক্ত করার বিভিন্ন কার্যকর পদ্ধতি ও আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো. নাজমুল হক। তিনি অংশগ্রহণকারীদের পরিবার পুনর্মিলন (Restoring Family Links) কার্যক্রমের বিভিন্ন ধাপ, তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ রক্ষা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা সম্পর্কে ধারণা দেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান, মেজবাহ উদ্দিন মিয়াজিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন এবং বিভিন্ন মানবিক সংকটের কারণে পরিবার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা বাড়ছে। এ ধরনের পরিস্থিতিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা পরিবার পুনর্মিলন কার্যক্রমকে আরও কার্যকর ও মানবিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা, করণীয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবার পুনর্মিলন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।


















Design & Developed by BD IT HOST