প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ৮:১৮:৩১ প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি:
পৌর কেন্দ্রীয় কবরস্থানে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা
দীর্ঘদিনের জলাবদ্ধতা, আগাছা ও আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়া নরসিংদী পৌর কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়ে আবারও প্রশংসিত হয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
শুক্রবার জেলা ছাত্রদলের উদ্যোগে কবরস্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা ছাত্রদল ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আগাছা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত কবরস্থানের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করায় পরিবেশ অনেকটাই পরিচ্ছন্ন হয়ে ওঠে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন,
“কবরস্থান আমাদের সকলের শেষ ঠিকানা। এর পরিচ্ছন্নতা রক্ষা করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও। জনস্বার্থে এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কবরস্থানটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে তারা কবরস্থানের নিয়মিত রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচ্ছন্নতা অভিযানের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, কবরস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।












Design & Developed by BD IT HOST