বরিশাল

জনস্বার্থে এগিয়ে এলেন বাউফল ইসলামী তরুণ সমাজ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ৯:২৯:২০ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভায় দীর্ঘদিন ধরে চলা এক জনদুর্ভোগের অবসান ঘটিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘বাউফল ইসলামী তরুণ সমাজ। পৌরসভার ৯নং ওয়ার্ডের ঋষি বাড়ি ও নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন সড়কের একটি উন্মুক্ত ড্রেনের ঢাকনা সংস্কার করে সড়কটি পথচারীদের চলাচলের উপযোগী করে তুলেছেন সংগঠনটির যুবকেরা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই সড়কের ড্রেনের ঢাকনাটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে ছিল। ব্যস্ততম এই সড়কে ঢাকনা না থাকায় প্রায়শই অসাবধানতাবশত পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন গৃহপালিত প্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে না আসলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে ‘বাউফল ইসলামী তরুণ সমাজ-এর দৃষ্টিগোচর হয়। এরপরই সংগঠনটি নিজ উদ্যোগে এটি সংস্কারের সিদ্ধান্ত নেয়।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেনের খোলা ঢাকনাটি উদ্ধার করেন। এরপর নিজ শ্রম ও তদারকিতে ঢাকনাটি পুনরায় ড্রেনের ওপর সঠিকভাবে স্থাপন করে পুরো সড়কটি নিরাপদে চলাচলের উপযোগী করে তোলেন। যুবকদের এমন স্বতঃস্ফূর্ত ও মানবিক উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের মাঝে।
উক্ত সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ইসলামী তরুণ সমাজের সিনিয়র সহ-সভাপতি অলি উল্লাহ রিপন, সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম তারা, সাবেক প্রচার সম্পাদক মো. সাফায়েত ইসলাম এবং সংগঠনের সমর্থক মো. ইলিয়াস মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে সংগঠনের দায়িত্বশীলরা জানান, কেবল সরকার বা প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে তরুণ সমাজ যদি নিজ নিজ এলাকার ছোটখাটো সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসে, তবে সমাজকে অনেক সুন্দর ও নিরাপদ করে তোলা সম্ভব। আগামীতেও যেকোনো জনকল্যাণমূলক কাজে বাউফল ইসলামী তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST