প্রতিনিধি ৪ জুন ২০২৬ , ১০:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের অর্থ উত্তোলন প্রক্রিয়ায় দালালচক্রের অনুপ্রবেশ ও সাধারণ মানুষকে হয়রানি প্রতিরোধে পরিচালিত এক মোবাইল কোর্টে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় অভিযান চালিয়ে তাকে এই দণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা প্রশাসনের রাজস্ব কার্যক্রমে গতিশীলতা আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভূমি অধিগ্রহণ শাখায় সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারদের কক্ষে এক ব্যক্তির উপস্থিতি এবং তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে ওই কক্ষে তার অবস্থানের কারণ এবং সংশ্লিষ্ট এলএ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক বা বৈধ ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হন।
আটকের পর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিশদ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। তিনি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় অননুমোদিতভাবে দালালি ও মধ্যস্থতা করার কথা স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আর জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন।
তার এই স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের ১৪ সেপ্টেম্বর (২০২৫ খ্রি.) পটুয়াখালী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা রাজস্ব প্রশাসনের গৌরব পুনরুদ্ধার, সেবার মানোন্নয়ন ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। ভূমি অধিগ্রহণ শাখার মতো স্পর্শকাতর স্থানে দালাল ও মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপ তারই একটি ধারাবাহিক অংশ।
পটুয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে, ভূমি অধিগ্রহণসহ সকল ধরনের সরকারি সেবাপ্রাপ্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং জনস্বার্থে এ ধরণের দুর্নীতিবিরোধী ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












Design & Developed by BD IT HOST