সারাদেশ

বেনাপোল বন্দরে লোহার সিট নামানোর সময় শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ৮:২১:২০ প্রিন্ট সংস্করণ

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় এক শ্রমিক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরের টিটিআই মাঠে ভারত থেকে আমদানিকৃত লোহার সিট নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেন দিয়ে পণ্য নামানোর সময় হঠাৎ করে ক্রেনের দড়ি ছিঁড়ে যায় এবং ভারি লোহার সিট নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপর পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহজাহান ও সোহেল নামে দুই শ্রমিক।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দ্রুত নাভারন বুরুজবাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে শাহজাহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ। আহত সোহেল চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের আফতাব হোসেনের ছেলে। আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১ এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন।
ঘটনার বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ভারত থেকে আসা লোহার সিট ক্রেন দিয়ে নামানোর সময় হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। এতে দুই শ্রমিক গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী জানান, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আমাদের একজন সহকর্মী প্রাণ হারিয়েছেন এবং আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST