প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ৮:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমাইরা নামে ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোর ৩:৪০ মিনিটের দিকে হামের রোগীদের জন্য খোলা আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাড়ি বগুড়ার শেরপুরে।
পরিবার থেকে নমুনা দিতে রাজি না হওয়ায় চিকিৎসকরা তার হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না। দুটি সরকারি হাসপাতালে বর্তমানে উপসর্গ নিয়ে ১১ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক মনজুন-এ-মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মনজুন-এ-মুর্শেদ বলেন, বগুড়া শজিমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৮ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১০ জন ভর্তি আছে। তাদের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়নি। বুধবার ভোর ৩:৪০ মিনিটের দিকে আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশু মারা গেছে। ওই শিশুর শরীরে র্যাশ ছিল। পরিবার থেকে নমুনা দিতে রাজি না হওয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, হাম যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ১০ শয্যা থেকে ৩০ শয্যা করা হয়েছে। কোনো কারণে হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। কিন্তু এ হাসপাতালে শিশুদের জন্য পেডিয়াট্রিক আইসিইউ নেই। এটা চালুর জন্য জনবল ও প্রয়োজনীয় সহায়তা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক মজিদুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় এখানে সাতজন রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে বগুড়ার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক মাসের হামের উপসর্গ নিয়ে ভর্তি মোট ২৬ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে দুজন হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশিদ আলম জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে কোনো হামের রোগী ভর্তি নেই। তবে বগুড়া শজিমেক হাসপাতালে ১০ জন ও মোহাম্মদ আলী হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আল্লাহর রহমতে বগুড়ার অবস্থা ভালো। হাম নিয়ে কাউকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন তিনি।


















Design & Developed by BD IT HOST