প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৯:২৭:৫১ প্রিন্ট সংস্করণ
স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন গৃহবধূ শারমীন আক্তার (৩৫)। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে যশোর সদরের সুজলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শারমীনের স্বামীর নাম শিমুল হোসেন। তিনি পেশায় রিকশাচালক। তারা সুজলপুর গ্রামে জনৈক শাহারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
নিহতের স্বামী শিমুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তার স্ত্রী শারমীন বড় ভাই খোকন মোল্লার স্ত্রীর কাছে দুই হাজার টাকা পেত। সকালে টাকা চাইতে গেলে ভাবির সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওই সময় খোকনের মেয়ে মিম্মি সেখানে গেলে তাকে সরিয়ে দেন শিমুল। এরপর মেয়েটি ঘরে থাকা তার বাবা খোকনকে জানায়, তাকে মেরেছে ফুফা (শিমুল)। তখন খোকন মোল্লা ঘর থেকে একটি হাঁসুয়া (ধারাল অস্ত্র) এনে শিমুলকে মারতে উদ্যত হন। আর ঠেকাতে গিয়ে ঘাড়ের বামপাশে আঘাতপ্রাপ্ত হন শারমীন। এতে তিনি লুটিয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শারমীনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে তার ধারণা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাওনা টাকা নিয়ে এ ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামি আটকের চেষ্টা করা হচ্ছে।


















Design & Developed by BD IT HOST