রাজনীতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ চায় ছাত্রদল

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী (যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এবং গোপন সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে। একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা নেন।বৈষম্যবিরোধী ব্যানার অপব্যবহার করে উপাচার্যকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিবৃতিতে নেতারা বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।
নেতারা বিবৃতিতে উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST