জাতীয়

শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি: শ্রমমন্ত্রী

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ১১:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটাও সম্পূর্ণ পরিশোধ নিশ্চিত করেছে সরকার, যার ফলে এবার ঈদের আগে দেশে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, যার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা সময়মত সব পাওনা বুঝে পেয়েছেন এবং এর পেছনে সরকারের সদিচ্ছা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ কাজ করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতি অনুসরণ করছে এবং শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও কাজ করছে; বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময় সরকার শুরু থেকেই প্রবাসীদের পাশে রয়েছে।

এ সময় তিনি জানান, অতীতে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কার্যক্রম শুরু হবে এবং একইসঙ্গে বিদেশগামী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা আগামী মাস থেকেই জোরদার করা হবে, যাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা যায় এবং প্রবাসে গিয়ে তারা কোনো ধরনের জটিলতায় না পড়েন।

দালালচক্রের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া শ্রমিকদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রবাসীদের পরিবারকেও সতর্ক করা হচ্ছে, কারণ কিছু চক্র প্রবাসীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন এবং পরিবহণ খাতের শ্রমিক-মালিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে।

এদিকে সিলেটের শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST