সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

  প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৮:৪৪:১০ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পূর্ববিরোধের জেরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে টিয়ারা বাজার এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হোসেন গ্রুপের পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করেন, শিশু মিয়া গ্রুপের সশস্ত্র লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে আতিকুর রহমান শিশু মিয়া বলেন, হোসেন গ্রুপের লোকজনই প্রথম হামলা চালিয়েছে। তারা তাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। তারা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছেন বলে দাবি করেন।
নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST