প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ৯:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চন্দ্রমনি ত্রিপুরা (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খাগড়াপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে খাগড়াছড়ি থেকে চাঁদপুরগামী একটি শান্তি পরিবহণের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অন্তত ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি করা হয় এবং অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। গুরুতর আহত একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

পরবর্তীতে বিকালের দিকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক চন্দ্রমনি ত্রিপুরা মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খাগড়াছড়ির ট্রাফিক সার্জেন্ট মো. হরফ সিকদার বলেন, ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছেন। ঘাতক গাড়িটি জব্দ করে সদর থানায় নিয়ে এসেছি।












Design & Developed by BD IT HOST