প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৬:১৫:২২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনরা এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক ভূমিহীন অংশ নেয়।
এ সময় নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন,নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম করছেন কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার। আমাদের জমিতে আমাদের খেতে দিচ্ছেন না তাঁর লোকজন। আমরা আমাদের জমি বুঝে নিতে চাই। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরও বলেন,সরকার থেকে পাওয়া সম্পত্তি থেকে ভূমিহীনদের সরিয়ে দেওয়ার জন্য ডিল করছেন তসলিম তালুকদার। হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন ওই ভূমিদস্যুরা। আমরা আমাদের জমিতে ভেকু নিয়ে কাজ করতে গেলে গায়ের জোরে তারা আমাদের ভেকুতে হামলা করে অন্যত্র নিয়ে যায়। পরে প্রশাসনের সহায়তায় আমরা তা উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় অভিযোগ ও মামলা হয়েছে।
মানববন্ধনে অংশ নেন নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি সেকান্দার আলী, সদস্য মাসুদ রানা, রিন্টু কাজী, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল, সাখাওয়াতসহ শতাধিক ভূমিহীন কৃষক।
এ বিষয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, সরকার কেশবপুর চরে প্রকৃত ভূমিহীনদের জমি লিজ দিয়েছেন। সেখানে নাজিরপুর এলাকার কিছু লোক সংঘবদ্ধ হয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে ওই চর দখলের চেষ্টা করছে। তাদের ধারণা, আমার কারণে তারা চর দখল করতে পারছে না। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মানববন্ধন করেছে।


















Design & Developed by BD IT HOST