সারাদেশ

বাউফলে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১১:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ। মামলা দায়েরের পর থেকেই তাদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।
অভিযুক্ত দুই সাংবাদিক হলেন—বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ‘এদিনের’ পত্রিকার প্রতিনিধি এনামুল হক এনা এবং ‘জাগোজনতা’ পত্রিকার প্রতিনিধি মো. রিয়াজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতন মণ্ডল নামের এক ব্যক্তি বাদী হয়ে গত সোমবার (২৭ জুলাই) রাতে বাউফল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় ওই দুই সাংবাদিককে এজাহারনামীয় আসামি করা ছাড়াও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা রুজু হওয়ার পরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাদীর ভাইয়ের একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত সাংবাদিকরা তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দেন। পরবর্তীতে বাদীর পরিবার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ধার করে কিছু টাকা দেয় এবং বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া যাওয়ার সময় মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করে বিষয়টি গোপন রাখার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।
এদিকে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত সাংবাদিক এনামুল হক এনা ও মো. রিয়াজ। তাদের দাবি, এই চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত একটি সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়ে তারা এই মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST