প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৬ , ৫:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ
বাউফলের পশ্চিম নওমালা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত হলেন শিক্ষানুরাগী আল আমীন মৃধা

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘পশ্চিম নওমালা ফাজিল মাদ্রাসা’র গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে বিপুল জনপ্রিয়তা ও আস্থার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও স্বাস্থ্য সংস্কারক মোঃ আল আমীন মৃধা।
গতকাল (৮ অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত গভর্নিং বডির এক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন।
মোঃ আল আমীন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় একজন সৎ, কর্মঠ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পেশাগত জীবনে তিনি স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমুখী কাজে বিশেষ অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন-এর পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাউফল উপজেলা শাখার সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, দায়িত্বশীলতা এবং সামাজিক প্রতিশ্রুতির কারণেই স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ও স্নেহের চোখে দেখেন।
শিক্ষার আলো প্রসার ও মাদ্রাসার সার্বিক অবকাঠামোগত মানোন্নয়নে তাঁর যোগদান প্রতিষ্ঠানটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।
আল আমীন মৃধা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ তাঁকে আন্তরিক ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া নবনির্বাচিত সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল রহমান ব্যাটন তালুকদার, স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক সুধীজনেরা।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ আল আমীন মৃধা বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।


















Design & Developed by BD IT HOST