প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ৩:১০:০১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের স্বপ্ন ছাই হয়ে গেছে। ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৈশাদি এলাকার বাবুল হাওলাদার ও তার ভাইয়ের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে পরিবারের আসবাবপত্র, খাদ্যশস্য ও মূল্যবান নথিপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন কেবল নিজেদের প্রাণ নিয়ে বের হতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ফলে পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এই দুঃসংবাদ পাওয়ার সাথে সাথেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন নওমালা ইউনিয়নের গণমানুষের সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: সহিদুল ইসলাম। তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং তৎক্ষণাৎ তাদের সহায়তায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা নগদ অর্থ প্রদান করেন।
আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মো: সহিদুল ইসলাম বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব। অগ্নিকাণ্ডে পরিবার দুটির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, তবে আমার এই সামান্য সহযোগিতা যদি তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা সাহায্য করে, তবেই আমি সার্থক।
সহিদুল ইসলামের এই তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


















Design & Developed by BD IT HOST