প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৫৩:১৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কালিশুরি বাজারের উত্তর মাথায় খাল দখল করে দোকানঘর নির্মাণ করেছেন ইউনিয়ন বিএনপির নেতা এনামুল হাসান শিকদার।
খালের প্রায় ১০০ ফুট জায়গা দখল করে বৃহস্পতিবার রাত থেকে এ দোকান নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে দোকানঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় ওই জায়গায় ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা প্রশাসন আওয়ামী লীগ অফিসটি গুঁড়িয়ে দেয়।
একই সময় অভিযুক্ত বিএনপি নেতা এনামুল হাসান শিকদারের একটি দোকানঘরও উচ্ছেদ করা হয়।
এনামুল হাসান শিকদার জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের শ্যালকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন সিকদার জামালের চাচাতো ভাই।
আওয়ামী লীগ সরকারের পতনের পরে চলতি বছর মার্চ মাসে তাকে ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে কালিশুরি বাজারে গিয়ে দেখা গেছে, উত্তর মাথায় খালের জায়গা দখল করে ৮-১০ জন কাঠমিস্ত্রি দোকানঘর নির্মাণ করছেন। দোকানের আশপাশে এনামুল হাসানের লোকজন আনাগোনা করছিল।
এই খালটির জেএল নং ৪৩, খতিয়ান নং ৩৮৭। এটি কালিশুরি উত্তর প্রান্তে বড় জামে মসজিদ এলাকা হতে কালিশুরি ডিগ্রি কলেজ সংলগ্ন নদীতে গিয়ে মিশেছে।

খাল দখল করে দোকানঘর নির্মাণ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ ব্যাপারে এনামুল হাসান সিকদারকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কালিশুরি ইউনিয়ন তহসিলদার দেলোয়ার হোসেন বলেন,আমি বিষয়টি শুনেছি। এখন জেলায় মিটিংয়ে আছি। আগামীকাল সার্ভেয়ার নিয়ে মাপঝোঁক করে ব্যবস্থা নেব। আপনার নিউজ করার দরকার নেই।


















Design & Developed by BD IT HOST