প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ৮:২৫:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় উদ্বেগ জানিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, গত কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতা, মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন।
মুখপাত্র বলেন, আমরা সব দলকেই এ ধরনের সহিংস কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ মেয়াদে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।
মার্কিন মুখপাত্র আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্তে দেশের আইন, আইনের শাসন এবং বাংলাদেশের মানুষের চিন্তার প্রতিফলন থাকা উচিত। আমরা জানতে পেরেছি, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। এই সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। আমরা বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখব।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দেশজুড়ে সহিংসতায় অনেকেই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে গত মঙ্গলবার বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবন প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্যদের নাম জানানো হবে।
ড. ইউনূস বৃহস্পতিবার দেশে ফিরেছেন। এ দিনই তিনিসহ তাঁর উপদেষ্টামণ্ডলীর সদস্যরা শপথ নিতে পারেন।
দৈনিক একাত্তরের পাতা /স


















Design & Developed by BD IT HOST