জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ৮:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বঙ্গভবনের গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী; সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের অভ্যার্থনা জানান। এদিন জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখার পর বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী।
তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ। এর আগে দুজনের সবশেষ দেখা হয় গত ১৭ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।
মো. আবদুল হামিদের উত্তরসূরি সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি, যিনি চুপ্পু নামেই বেশি পরিচিত।
২০১১ সাল থেকে ২০১৬ সাল দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ অগাস্ট কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকাররের পতনের পর আওয়ামী লীগের এমপি-মন্ত্রী সহ শীর্ষ নেতাকর্মীদের প্রায় সবার বিদায় ঘটলেও বঙ্গভবনে থেকে যান মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST