জাতীয়

বগুড়া-৬ উপনির্বাচন ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব,ভিডিওটির বিষয়ে যা জানা গেল

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৬ , ২:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

বাসস:
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচনি কর্মকর্তার দায়িত্ব পালনের একটি ভিডিওকে ‘ধানের শীষে জাল ভোট’ দাবিতে চালানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, প্রচারিত ভিডিওটি জাল ভোটের নয়; এটি ব্যালট পেপারে নির্বাচনি কর্মকর্তার সিল দেওয়ার দৃশ্য। ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’ দাবিতে ওই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, বগুড়া-৬ উপনির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে জাল ভোট দেওয়ার দাবি তুলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। তবে যাচাই করে দেখা গেছে, এটি মূলত নির্বাচনি কর্মকর্তার দায়িত্ব পালনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ বিষয়ে গবেষণা চালায়।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাফ্যাক্ট।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST