প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১২:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকার ইচ্ছা করেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আবার রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য।
তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানকে সংস্কার করতে হবে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই এখন কোনো বিভেদের সময় নয়, সব বিভেদ ভুলে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্য মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, চারিদিক থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘিরে ধরছে, আধিপত্যবাদী দিল্লির ষড়যন্ত্রে বাংলাদেশের ভূখণ্ডকে আবার খামচে ধরতে চাইছে, সীমান্তে তারা পুশইন করছে, হত্যা করছে। ওখান থেকে বলছে-বাংলাদেশকে তারা দখল করবে, রংপুর দখল করবে, চট্টগ্রাম দখল করবে, তাদের প্রদেশ বানাবে। হাসিনা বলছে-আমি কিছুদিনের মধ্যেই আসতেছি। বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কি এখন হাসিনাকে সামলাবেন, দিল্লিকে সামলাবেন না ১১ দল ও জনগণকে সামলাবেন-এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন। সংঘাতের সব দরজা খুলবেন না। আমরা জাতীয় ঐক্য চাই। আসেন আধিপত্যবাদী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ১১ দল আপনাকে সাহায্য করবে, যদি আপনি বাংলাদেশের অখণ্ডতার স্বার্থে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে বাস্তবায়ন করেন। তাহলেই আমরা আপনার সঙ্গে আছি।
তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ইচ্ছা করেই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশে এখন বড় সংকট জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় বাস্তবায়ন না করা। বিএনপি জাতির সঙ্গে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখেনি। এজন্য মানুষকে আবারও রাস্তায় নামতে হবে।
অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, ৭১ সাল, ৯০ সালসহ অনেকবার রক্ত দিয়েছে। একটা জাতি আর কতবার রক্ত দিবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতির রাজনৈতিক ও আদর্শিক মুক্তি আসবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি বলে সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে এই নির্বাচন তো সংবিধান অনুযায়ী হয়নি। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকলেও গণভোটে নোট অব ডিসেন্ট নেই।
তিনি বলেন, বিএনপি সংবিধান সংশোধন করতে চায়; কিন্তু সংশোধন ও সংস্কার এক নয়। ৮৪টি সংস্কার প্রস্তাবে ৫ কোটি মানুষ ভোট দিয়েছেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর সদর আসনের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান।
আরও বক্তব্য রাখেন- রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী এমপি, পঞ্চগড় জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম, টিম সদস্য আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ, জেলা এনসিপির আহ্বায়ক শামসুল মুক্তাদির, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দিনাজপুর জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, হাবিপ্রবি সাবেক প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সেমিনারে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।












Design & Developed by BD IT HOST