প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫১:৪৯ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার শেষ দিনে পটুয়াখালীর বাউফলে বিশাল জনসভা করেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক ফিল্ডে আয়োজিত এই জনসভা একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিএনপির এই শো-ডাউন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিকেল ৪টায় সভা শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাউফল শহর।

গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি শহীদুল আলম তালুকদার বলেন, “সবার আগে বাংলাদেশ—তারেক রহমানের এই দর্শন আমাদের বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আজকের এই জনস্রোত প্রমাণ করে বাউফলের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।
তিনি আরও বলেন, আপনারা অতীতে আমাকে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি বিশ্বাস করি, ১২ ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে আপনারা আবারও ধানের শীষকে বিজয়ী করবেন।”
উপস্থিত ছিলেন যারা
বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষি বিদ লিটু, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সোয়েব হাবলু, সাবেক সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হক শরীফ এবং নেত্রী সালমা আক্তার লিলি, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশ
নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিএনপির এই বিশাল উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। দলটির নেতা-কর্মীরা মনে করছেন, এই জনসভা কেবল একটি নির্বাচনী প্রচার নয়, বরং এটি বিএনপির সাংগঠনিক শক্তি ও তৃণমূলের গণভিত্তির এক বলিষ্ঠ প্রতিফলন। পুরো উপজেলা জুড়ে এখন বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনী আমেজ।












Design & Developed by BD IT HOST