প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ
কাজিপুরে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর) কাজিপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। তিনি শ্রীকৃষ্ণের জন্মদিনে সনাতন ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “শ্রীকৃষ্ণের শিক্ষা মানবজীবনে সত্য, ন্যায়, ধর্ম ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। দেশে বর্তমান সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণ স্বাধীনতা নিয়ে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এবং ওসি (তদন্ত) মনোজ নন্দী। সোনামুখী শিখা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সঞ্জীব রাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সমীর দেব খোকন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।












Design & Developed by BD IT HOST