প্রতিনিধি 11 নভেম্বর 2026 , 7:54:04 প্রিন্ট সংস্করণ
সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

অনলাইন ডেক্স:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।
খুলনার মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে তুলে না ধরে অপ্রাসঙ্গিক সংবাদ প্রকাশ করায় অসন্তোষ জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের ভূমিকা নিয়ে তার বক্তব্যের যে ব্যাখ্যা একটি সংবাদে তুলে ধরা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন মঞ্জু। একই সঙ্গে ডিআইজির কাজের অভিজ্ঞতা ও অতীত কর্মদক্ষতার প্রশংসা করেছেন তিনি।
মঞ্জু বলেন, তিনি খুলনা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব ও কর্মপরিধি পুরোপুরি আলাদা। মেট্রোপলিটন এলাকার অপরাধ নিয়ন্ত্রণে রেঞ্জ ডিআইজি কি করবেন? বিষয়টি না বুঝেই ডিআইজিকে সংবাদে টেনে আনা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, খুলনায় মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্যে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, হাসপাতাল, ক্লিনিক ও সেবা কেন্দ্রের মতো প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হচ্ছে। রেস্টুরেন্টে হামলা চালানো হচ্ছে। কোচিং সেন্টারগুলোতে চাঁদাবাজি চলছে। চিকিৎসক ও ব্যবসায়ীরা আতঙ্কে ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজির অভিযোগও করেন তিনি।


















Design & Developed by BD IT HOST