প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ৫:৫৯:৫৯ প্রিন্ট সংস্করণ
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক কিছু অভিযোগকে ‘অপপ্রচার’ ও ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে নিজের সততা ও স্বচ্ছতার প্রমাণ হিসেবে সরকারি বরাদ্দের নথি, কম্বল ক্রয়ের রশিদ এবং কুরিয়ার সার্ভিসের নথিপত্র প্রকাশ করেছেন।
প্যানেল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম তার পোস্টে ইউনিয়নবাসীকে সম্বোধন করে বলেন,
আমি জনগণের প্রতিনিধি হয়ে যদি জনগণের জন্য কাজ করি, সেটা কি আমার অন্যায়? শীতের কম্বল গরমের সময় কিনলে কিছুটা কম দামে পাওয়া যায়। সেই উদ্দেশ্যে বরিশাল থেকে কম্বল কিনে কুরিয়ারের মাধ্যমে আনা হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরে সরকারিভাবে কম্বলের বরাদ্দ এসেছে মাত্র ৯০ পিস, যার অফিশিয়াল ডকুমেন্টও তিনি জনসম্মুখে প্রকাশ করেছেন।
অভিযোগকারীদের সমালোচনা করে জহিরুল ইসলাম বলেন, একটি চক্র মূল বিষয়টিকে আড়াল করতে মূল দোকান মালিকের সাথে কথা না বলে, দোকানের একজন কর্মচারীর বক্তব্যকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য মূল দোকান মালিকের সাথে তার কথোপকথনের অডিও রেকর্ড নিজের কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি।
ষড়যন্ত্রকারীদের শুভবুদ্ধির উদয় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করে প্যানেল চেয়ারম্যান বলেন, “সমালোচনা কারীদের আল্লাহ সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ধুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যেন সব বাধা পেরিয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সততার সাথে কাজ করে যেতে পারেন, সেজন্য সবাই যেন তার জন্য দোয়া করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণসহ দেওয়া প্যানেল চেয়ারম্যানের এই পোস্টটি ধুলিয়া ইউনিয়নসহ স্থানীয় সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার এই দূরদর্শী ও সাশ্রয়ী পদক্ষেপের প্রশংসা করেছেন এবং অপপ্রচারের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।












Design & Developed by BD IT HOST